বিহারে নির্বাচন
এক কোটি চাকরি ও ‘লাখপতি দিদি’ তৈরি করবে এনডিএ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১১:৪৫
বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। এরই মধ্যে গত মঙ্গলবার রাজ্যের বিরোধী জোট মহাগঠবন্ধন গত মঙ্গলবার তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ‘সংকল্প পত্র ২০২৫’ নামে মহাগঠবন্ধনের স্লোগান ‘সম্পূর্ণ বিহারের সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ’। এর ঠিক দুদিন পরই নিজেদের ইশতেহার প্রকাশ করল রাজ্যের শাসক দলের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। শুক্রবার সকালে পাটনায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএর ‘সংকল্প পত্র’ নামে ইশতেহার উন্মুক্ত করেন। এই জোটে বিজেপি, জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি এবং অন্যান্য দল রয়েছে।
ইশতেহারে এনডিএ পুনরায় ক্ষমতায় ফিরলে রাজ্যে এক কোটি সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের ওপর। অন্তত এক কোটি নারীকে ‘লাখপতি দিদি’ (এমন নারী যারা বছরে লাখ টাকার বেশি আয় করেন) তৈরির উচ্চাভিলাষী ঘোষণাও দিয়েছে তারা। পাশাপাশি বিহারে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাতটি এক্সপ্রেসওয়ে নির্মাণের বড় পরিকাঠামোগত পদক্ষেপও নেওয়া হয়েছে। ।
এর আগে গত মঙ্গলবার বিরোধী জোট মহাগঠবন্ধনের ইশতেহারে রাজ্যের প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, নারীদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা এবং প্রতিটি বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ, সব চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের স্থায়ীকরণ, জীবিকা (স্বনির্ভর গোষ্ঠী) প্রকল্পের অন্তর্ভুক্ত নারীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে মাসে ৩০ হাজার রুপি বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ২৪৩ আসনের বিহারে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১২১ আসনে নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট হবে ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
- বিষয় :
- ভারত
- বিহার
- বিধানসভা ভোট
- নির্বাচন
