ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়া!

রয়টার্সের প্রতিবেদন 

পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে রাশিয়া!
×

২০১৯ সালের জানুয়ারিতে মস্কোর বাইরে সামরিক প্যাট্রিয়ট পার্কে রাশিয়ার ৯এম৭২৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১২:০৭ | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ | ১২:৪২

রাশিয়া ইউক্রেনে গোপনে তৈরি এক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, রাশিয়ার ‘৯এম৭২৯’ নামের এই ক্ষেপণাস্ত্রটি অন্তত ২৩ বার ইউক্রেনে আঘাত হেনেছে। এই অস্ত্রের উন্নয়নবিষয়ক বিরোধেই ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মস্কোর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গিয়েছিলেন। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। 

এএফপি জানায়, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে তিনি বলেন, পশ্চিম সীমান্তের হুমকি আগে দূর করতে হবে। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন। 

টানা রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে আরও কয়েক দিন পর্যন্ত পর্যায়ক্রমিক ব্ল্যাকআউট চলবে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো অভিযোগ করেছেন, শীতের শুরুতে রাশিয়া বেসামরিক মানুষ ও বিদ্যুৎ অবকাঠামোকে নিশানা করছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি৭ দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পূর্ব ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের নোভোওলেক্সান্দ্রিভকা গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। 

অন্যদিকে, জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। রুশ শহর ওরিওলে ইউক্রেনের ড্রোন হামলায় গরম পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে ১৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা।

আরও পড়ুন

×