ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অজিত দোভাল বললেন

বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতন দুর্বল শাসনব্যবস্থায়

বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতন দুর্বল শাসনব্যবস্থায়
×

অজিত দোভাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৮:১২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১১:৫২

| প্রিন্ট সংস্করণ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন।

গত শুক্রবার ভারতে ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে।

দোভাল বলেন, দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল।

তিনি বলেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করে। তাই রাষ্ট্রেরও তাদের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয়।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসনব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে অজিত দোভাল বলেন, ভারত এখন নতুন কক্ষপথে প্রবেশ করছে– নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে।

তিনি বলেন, যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা–ঝড়-ঝাপটার ভেতরেও যেন চোখ না বন্ধ হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ না হারায়।

সুশাসনের জন্য নারীর সুরক্ষা, নিরাপত্তা এবং তাদের প্রতি সমতা ও ক্ষমতায়নের ওপর জোর দেন দোভাল। তিনি বলেন, ‘আধুনিক বিশ্বে সুশাসনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। কেবল ভালো আইন, কাঠামো ও ব্যবস্থা থাকাই গুরুত্বপূর্ণ নয়, বরং তার চেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বাস্তবায়ন করা।’

আরও পড়ুন

×