ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭
×

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্তের পর আগুন ও ধোঁয়া উড়তে দেখা যায়। স্থানীয় সময় মঙ্গলবার। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ১৭:০৭ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ | ১৭:৪১

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে উড্ডয়নের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অ্যান্ডি বেসিয়ার জানান, সোয়া ৫টার দিকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, এতে থাকা তিন ক্রুও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

বার্তা সংস্থা এএফপির ছবিতে, ঘটনাস্থলে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আহতদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। 

উড়োজাহাজটি পণ্য পরিবহন কোম্পানি ইউপিএস-এর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে থাকা বিপুল পরিমাণ জ্বালানির কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। হাওয়াই যাওয়ার উদ্দেশে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজে প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। বিবিসি জানিয়েছে, এতে কী ধরনের পণ্য বহন করা হচ্ছিল তা জানা যায়নি।

আরও পড়ুন

×