ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাফিক পুলিশকে যুবকের চ্যালেঞ্জ ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’

ট্রাফিক পুলিশকে যুবকের চ্যালেঞ্জ ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’
×

নম্বর প্লেটসহ মোটরসাইকেলের ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাফিক পুলিশকে চ্যালেঞ্জ জানায় এক যুবক। ছবি: এনডিটিভির সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৩:৩৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ | ১৩:৪৬

মোটরসাইকেলের নম্বর প্লেটে নিবন্ধন নম্বর নেই। বরং সেখানে লেখা- ‘উইল রান’। যেটির ভাবার্থ দাঁড়ায়- ‘ধরতে এলেই পালিয়ে যাব’। মোটরসাইকেলসহ এই নম্বর প্লেটের ছবিটিই সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন এক যুবক। যেখানে ট্রাফিক পুলিশকে ট্যাগ করে লেখা হয়, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ বা ‘পারলে আমাকে ধরো’।

পোস্টটি ভাইরাল হওয়ার পর জবাব দিতে ছাড়েনি পুলিশও। নিজেদের এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে লিখে, ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, উই ক্যান অ্যান্ড উই উইল। জাস্ট আ ম্যাটার অব টাইম (চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। আমরা পারবো, এক সময় ধরবোই। শুধু সময়ের অপেক্ষা।’ 

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের। এনডিটিভি লিখেছে, স্থানীয় যুবক রহিল (২১) জাপানের ব্র্যান্ড কাওয়াসাকি নিনজার একটি মোটরসাইকেল ব্যবহার করেন। কিন্তু সেটির বৈধ কাগজপত্র ছিল না। ঝামেলা শুরু হয়, যখন রহিলের বন্ধু নিতীশ নম্বর প্লেট ও বাইকের ছবি এক্সে পোস্ট করে। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার হয় আরেক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট-এ। এক ব্যবহারকারী লিখেন, ‘শহরে এত ট্রাফিক পুলিশ ও সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এমন ফ্যান্সি (শৌখিন) নম্বর প্লেট অনুমোদিত?’

পোস্টটি ভাইরাল হয় গত বুধবার। পুনের ট্রাফিক পুলিশ চ্যালেঞ্জ গ্রহণের কয়েক ঘণ্টা পর এক্সে আরেকটি পোস্ট দিয়ে জানায় রহিলকে বাইকসহ আটক করা হয়েছে। ওই পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয় চ্যালেঞ্জ জানানোর স্ক্রিনশট ও একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায়, নিবন্ধনহীন বাইক ব্যবহার ও চ্যালেঞ্জ জানানোর জন্য ক্ষমা চাইছে রহিল।

ভিডিওটির ক্যাপশনে পুলিশ লিখে, ‘সড়কে খেলতে এসো না। বিপদজনক খেলা খেললে পুরস্কারও তেমন হবে।’ 

‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ বাক্যাংশটি বেশি পরিচিত লিওনার্দো ডিক্যাপ্রিও ও টম হ্যাঙ্কস অভিনীত একই নামের সিনেমার কারণে। যেটির গল্প এগিয়েছে এফবিআই এজেন্ট ও এক প্রতারকের ‘চোর-পুলিশ’ খেলাকে কেন্দ্র করে। 

আরও পড়ুন

×