ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিহারে ভোটগণনা শুরু, এগিয়ে এনডিএ জোট

বিহারে ভোটগণনা শুরু, এগিয়ে এনডিএ জোট
×

নীতীশ কুমার ও নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ১৫:৫৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ | ১৬:১৭

ভারতের বিহারে ফের মোদি-নীতিশ ম্যাজিকে ধরাশায়ী রাহুল-লালুর মহাগাঁটবন্ধন জোট। বিহারের ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন ৭৪ বছরের নীতীশ কুমার। আজ শুক্রবার সকাল ৮টায় শুরু হয় ভোটগণনা। শুরু হতেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে যায় এনডিএ জোট।

প্রথম ২ ঘণ্টার গণনাতেই পেরিয়ে যায় ম্যাজিক ফিগার, ১২২। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট পায় ১২২ আসন। এখন পর্যন্ত গণনার ফলাফল অনুযায়ী, ১৯১ আসনে এগিয়ে নীতীশ কুমারের জেডিইউ-এলজেপি-বিজেপির এনডিএ জোট। অন্যদিকে, আরজেডি-বাম-কংগ্রেসের মহাগাঁটবন্ধন জোট এগিয়ে আছে মাত্র ৪৮ আসনে। 

হারছেন লালুর বড়ছেলে তেজ প্রতাপ যাদব। বিহারে মহুয়ার বিধানসভা আসনে ১৩ হাজার ভোটে পিছিয়ে আছেন তেজ। একেবারে ৪ নম্বরে তিনি। এমনকি রাঘোপুরে পিছিয়ে আছেন খোদ মহাজোটের মূখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও। প্রায় ৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে তেজস্বী। 

বিহারে দলের সাফল্যে বিহার ছাড়াও দিল্লি, কলকাতায় উল্লাসে মেতেছেন বিজেপির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তারা। অন্যদিকে, বিহারে জেডিইউ কর্মীরা স্লোগান তুলেছে, ‘১০ বার, নীতীশ কুমার’। 

জনতা দল ইউনাইটেড বলছে, ‘টাইগার আভি জ়িন্দা হ্যায়।’ আপাতত চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষা শুধু। তারপরই শুরু হয়ে যাবে সেলিব্রেশন। ওদিকে মহাগাঁটবন্ধন শিবিরে যেন হতাশার প্রতিচ্ছবি।

রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২২ জন রিটার্নিং অফিসার ও অবসার্ভারের তরফ থেকে এই প্রথমবার বিহারের কোনো বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫ দশমিক শূন্য ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮ দশমিক ৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬ দশমিক ৯১ শতাংশ, যা গতবারের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। 

এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২ দশমিক ৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪ দশমিক ৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, প্রায় ৭১ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন

×