ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনডিএ বিহারের মন্ত্রিসভায় পদ ভাগাভাগি করল

এনডিএ বিহারের মন্ত্রিসভায় পদ ভাগাভাগি করল
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০৯:০৯

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নতুন বিহার সরকারে সম্ভবত বেশি সংখ্যক প্রতিনিধিত্ব পাবে। যদিও জনতা দল (জেডি, ইউনাইটেড) নেতা নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন। মন্ত্রিসভা গঠনের সঙ্গে পরিচিত সূত্রগুলো গতকাল রোববার এ কথা জানিয়েছে।

বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বৈঠকে চূড়ান্ত করা হয়েছে, ছয়জন বিধায়কের জন্য একটি মন্ত্রীর পদ দেওয়া হবে। এ হিসাবে বিজেপির ১৫ থেকে ১৬ জন মন্ত্রী হবেন। জেডি (ইউ) থেকে ১৪ জন মন্ত্রী মনোনীত হবেন বলে সূত্রগুলো জানিয়েছে।

২৪৩ সদস্যের বিধানসভার দুই পর্বের নির্বাচনে (৬ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত) বিজেপি ৮৯টি আসন এবং জেডি (ইউ) ৮৫টি আসন জিতেছে। এনডিএর শরিক দল লোক জনশক্তি (রাম বিকাশ) ১৯টি আসন জিতেছে। তারা মন্ত্রিসভায় তিনটি পদ পেতে পারে।

জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার) পাঁচটি আসন পেয়েছে। উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসন জিতেছে। এরা একটি করে মন্ত্রীর পদ পেতে পারেন। শপথ গ্রহণ ১৯ অথবা ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পরিবার ও রাজনীতি ছাড়লেন রোহিণী

আরজেডি-প্রধান লালু যাদবের পরিবারে নির্বাচনী ধাক্কার পর কোন্দল বেড়েছে। তাঁর মেয়ে রোহিণী আচার্য আত্মীয়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি ২০২২ সালে তাঁর বাবাকে কিডনি দান করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্যরা তাঁকে নির্বাচনী টিকিট কেনার বিনিময়ে ‘নোংরা কিডনি’ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। ৪৬ বছর বয়সী এই আরজেডি নেত্রী গতকাল তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি রাজনীতি থেকেও বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

আরও পড়ুন

×