ভূমি পূজার দিনক্ষণ ঠিক করা জ্যোতিষীকে খুনের হুমকি
এনআর বিজয়েন্দ্র শর্মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ০২:১৪
অযোধ্যায় রামমন্দির নির্মাণের আগে ভূমিপূজার দিনক্ষণ ঠিক করা জ্যোতিষীকে খুনের হুমকি দেয়া হয়েছে। পণ্ডিত এনআর বিজয়েন্দ্র শর্মা নামের ওই জ্যোতিষীর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে জানানোর পর কর্নাটক রাজ্যসরকার তার নিরাপত্তার বাড়তি ব্যবস্থার নির্দেশ দিয়েছে। খবর কলকাতা ২৪-এর।
পণ্ডিত এনআর বিজয়েন্দ্র শর্মা জানিয়েছেন, কয়েকজন তাকে ভূমি পূজার দিনক্ষণ পিছিয়ে দিতেও হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই কর্নাটকের তিলকভাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার। ধর্মগুরুর সুরক্ষায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ফোন নম্বরের সূত্র ধরে হুমকি-ফোনের তদন্ত শুরু করেছে কর্নাটক পুলিশ।
বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান। ভূমি পূজার জন্য কোনও আয়োজনই বাকি রাখছেন না মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। পূজানুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতারা। তবে করোনা আবহে সুরক্ষার সবরকম ব্যবস্থা করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
ভূমি পূজার অনুষ্ঠান মঞ্চে মোদিসহ ৫ জনের বসার ব্যবস্থা হয়েছে। এছাড়াও কোনওভাবেই যাতে ভূমি পূজাকে কেন্দ্র করে অযোধ্যায় ভিড় বা জমায়েত না হয়, সে ব্যাপারেও সজাগ নজর রাখছে প্রশাসন।
