ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওপেককে মাদুরোর চিঠি

ভেনেজুয়েলার তেলসম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র 

ভেনেজুয়েলার তেলসম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র 
×

ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৩ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ১২:৩০

যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি’ মোকাবিলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের (ওপেক) সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলসম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়, ‘হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে’। সোমবার আলজাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে। 

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ। তিনি ‘দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে 

প্রাণঘাতী সামরিক 
শক্তি ব্যবহারের’ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস, উভয়ের কাছে উত্থাপন করেছেন। রয়টার্স জানায়, ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করবে ভেনেজুয়েলা। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ রোববার এ কথা বলেন।  

মাদুরোর সঙ্গে কথা হয়েছে, জানালেন ট্রাম্প
মাদুরোর সঙ্গে ট্রাম্পের ফোনে আলাপ হয়েছে। রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, তা খোলাসা করেননি তিনি। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার ট্রাম্পের কাছে মাদুরোর সঙ্গে আলাপের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো– হ্যাঁ হয়েছে।

আরও পড়ুন

×