জাতীয় সম্মেলনের ঘোষণা ইমরানের দল পিটিআইর
ছবি- সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩০
পাকিস্তান গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন দাবি করে একটি জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। চলতি মাসের শেষ দিকে এই সম্মেলনে একটি জাতীয় এজেন্ডা উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে দলটি। গত বুধবার দেশটির পার্লামেন্ট ভবনে দলের সংসদীয় গ্রুপের বৈঠকের পর পিটিআইর জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার এই ঘোষণা দেন। খবর দ্য ডন।
সাংবাদিকদের আসাদ কায়সার বলেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কারণ, পাকিস্তান দেশ হিসেবে গুরুতর সমস্যার সম্মুখীন। তাই একটি বিরোধী জোট হিসেবে তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) দায়িত্ব হলো, রাজনৈতিক দল, বার অ্যাসোসিয়েশন, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীদারকে একত্রিত করে এ বিষয়ে চিন্তাভাবনা করা এবং একটি সমাধানের পথ খুঁজে বের করা। দেশের আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং বাণিজ্যিক কার্যকলাপ বিশেষ করে হ্রাস পেয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ছেড়ে যাচ্ছে। টিটিএপি হলো একমাত্র প্ল্যাটফর্ম, যেখান থেকে বার্তা দেওয়া যেতে পারে, পরিস্থিতিকে সুসংগঠিত করা সম্ভব। সম্মেলনে আমরা সমস্যাগুলোর সমাধান দেব এবং সামনের পথরেখা তৈরি করব।
এদিকে ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনকালে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাওয়ালপিন্ডি পুলিশ পিটিআই নেতা ও সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের বিষয়ে আইনি মতামত জানতে চেয়েছে। অন্যদিকে, পিটিআই কর্মীরা তাদের ওপর বল প্রয়োগের অভিযোগে ন্যাশনাল অ্যাসেমব্লিতে বিশেষাধিকার প্রস্তাব এনেছেন। এ ছাড়া ইমরানকে অন্য কারাগারে স্থানান্তরের সম্ভাব্য খবরে উদ্বেগও জানিয়েছে দলটি। পিটিআই সতর্ক করেছে, কারাবন্দি ইমরান খানকে রাজনীতি থেকে বাদ দেওয়ার প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ বিক্ষোভে লাগাম টেনে ধরলে তা রাজনৈতিক অচলাবস্থাকে আরও গভীর করবে।
- বিষয় :
- পিটিআই
