সাময়িকী
টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব এআইয়ের স্থপতিরা
‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে (বাঁয়ের প্রচ্ছদ), অন্য প্রচ্ছদে চিত্রায়ণ করা হয়েছে প্রযুক্তি নেতাদের -সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকী এবার একক কোনো ব্যক্তিকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নেয়নি। সাময়িকীটি ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের। গত বৃহস্পতিবার এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্বের নাম ঘোষণা করে টাইম।
সাময়িকীটি জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর। এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে। এটি মানবজাতিকে যেমন বিস্মিত করছে, তেমনি উদ্বেগে ফেলেছে। বর্তমানকে রূপান্তরের পাশাপাশি এটি সম্ভবের সব সীমাকে ছাড়িয়ে গেছে। এ কারণেই ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন এআইয়ের পেছনের কারিগররা।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, টাইম এবার সচেতনভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাকে বর্ষসেরা ঘোষণা করেনি, বরং এটি নিয়ে যারা চিন্তা করেছেন, নকশা করেছেন এবং তৈরি করেছেন, তাদের বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে। যদিও অতীতে বর্ষসেরা হিসেবে প্রযুক্তি বা ধারণাকে বেছে নেওয়ার নজির রয়েছে।
টাইম সাময়িকীর প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, আমরা এর আগেও ব্যক্তির বাইরে বিভিন্ন গোষ্ঠী বা ধারণাকে বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছি। যেমন, ১৯৮৮ সালে বিপন্ন পৃথিবী বা ১৯৮২ সালে ব্যক্তিগত কম্পিউটার। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে বাদ দিয়ে ব্যক্তিগত কম্পিউটারের ধারণাকে বর্ষসেরা হিসেবে বাছাই করার ঘটনাকে কেন্দ্র করে তখন অনেক নাটকীয়তাও হয়েছিল। বিষয়টি পরবর্তী সময়ে বই ও চলচ্চিত্রে স্থান পেয়েছে।
এ বছর দুটি প্রচ্ছদ তৈরি করেছে টাইম। একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি প্রচ্ছদে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে। এটিতে রয়েছে ১৯৩২ সালের বিখ্যাত ‘লাঞ্চ অ্যাটপ আ স্কাইস্ক্র্যাপার’ ছবির অনুকরণে একটি ইলাস্ট্রেশন, যেখানে মেটার সিইও মার্ক জাকারবার্গ, এএমডির সিইও প্রধান লিসা সু, টেসলার সিইও ইলন মাস্ক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান, গুগলের ডিপমাইন্ড বিভাগের সিইও ডেমিস হাসাবিস, অ্যানথ্রোপিক সিইও দারিও আমোদেই এবং এআই অগ্রদূত ফেই-ফেই শহরে একটি বিমের ওপর বসে আছেন।
আটজন নির্বাচিত ব্যক্তির মধ্যে পাঁচজন– ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেনসেন হুয়াং, স্যাম অল্টম্যান এবং লিসা সু– ইতোমধ্যে বিলিয়নেয়ার। ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী এদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৮৭০ বিলিয়ন ডলার, যার বেশির ভাগই গত তিন বছরের এআই-উন্মাদনার সময় তৈরি হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক থমাস হাসন বলেছেন, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য রূপান্তরের একটি বছর। এই বছরে এআই কেবল প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বিপুলসংখ্যক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মূলধারার অংশে পরিণত হয়েছে। এই ব্যাপক ব্যবহারই এটিকে বর্ষসেরা নির্বাচনের যোগ্য করে তুলেছে।
সাময়িকীটি উল্লেখ করেছে, এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এআই কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতি যুক্তরাষ্ট্রে এআই খাতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়।
স্যাম জ্যাকবস লিখেছেন, ‘এটি সেই বছর ছিল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ সম্ভাবনা দৃষ্টিগোচর হয়েছিল এবং বোঝা গেছে, আর পেছনে ফেরার কিংবা এ থেকে দূরে থাকার কোনো উপায় নেই।’
- বিষয় :
- টাইম ম্যাগাজিন
