সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসি
‘যুক্তরাষ্ট্রে জীবদ্দশায় নারী প্রেসিডেন্ট দেখা অনিশ্চিত’
যুক্তরাষ্ট্রের সাবেক হাউস স্পিকার ও কংগ্রেসের প্রবীণ নেতা ন্যান্সি পেলোসি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৬:০৭
যুক্তরাষ্ট্রে নিজের জীবদ্দশায় একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে দেখার সম্ভাবনাকে অনিশ্চিত বলে মন্তব্য করেছেন সাবেক হাউস স্পিকার ও কংগ্রেসের প্রবীণ নেতা ন্যান্সি পেলোসি।
রোববার প্রকাশিত ইউএসএ টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৮৫ বছর বয়সী ন্যান্সি পেলোসি বলেন, নারীর এগিয়ে যাওয়ার পথে যে বাধা রয়েছে, তা সহজে ভাঙার মতো ‘কাচের ছাদ’ নয়, বরং অনেক বেশি শক্ত ‘মার্বেলের ছাদ’।
চার দশকের কংগ্রেসজীবন শেষে অবসরের প্রস্তুতির প্রেক্ষাপটে পেলোসি বলেন, ২০১৬ ও ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়াও বাস্তবতার অংশ। যুক্তরাষ্ট্রের জনগণ এগিয়ে গেলেও প্রতিষ্ঠানগত বাধা এখনও রয়ে গেছে।
তাঁর ধারণা, হয়ত তাঁর জীবদ্দশায় নয়, তবে পরবর্তী প্রজন্মেই যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট হবেন।
পেলোসির মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও। তিনি সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। অনেক পুরুষ এখনও নারীর নেতৃত্ব মেনে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না–এটাই বাস্তবতা।
