কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা সড়ক দুর্ঘটনায় নিহত
জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা ভিন্স জাম্পেলা। ফাইল ছবি: এএফপি
বিবিসি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২:০৭
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা ভিন্স জাম্পেলা (৫৫)। ইলেকট্রনিক আর্টস (ইএ) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে ফেরারি গাড়িতে করে ভ্রমণ করছিলেন জাম্পেলা। তাঁর সঙ্গে আরেকজন ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দুজনই নিহত হয়েছেন।
ইএ-এর এক মুখপাত্র বলেন, এটি অকল্পনীয় ক্ষতি। জাম্পেলার পরিবার, প্রিয়জন এবং যারা তাঁর কাজের মাধ্যমে প্রভাবিত হয়েছেন- সবার প্রতি গভীর সমবেদনা।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটির যাত্রী আসনে থাকা ব্যক্তি ছিটকে বাইরে পড়ে যান। আর চালক ভেতরে আটকা পড়েন। তবে জাম্পেলাই গাড়িটি চালাচ্ছিলেন কি না এবং ভেতরে থাকা অন্য ব্যক্তিটি কে ছিলেন তা এখনো স্পষ্ট নয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ার কারণ জানা যায়নি। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
দীর্ঘদিনের সহযোগী জেসন ওয়েস্ট ও গ্র্যান্ট কলিয়ারের সঙ্গে ২০০৩ সালে ‘কল অব ডিউটি’ গেম তৈরি করেন জাম্পেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি থেকে আংশিক অনুপ্রেরণা নিয়ে তৈরি গেমটি বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। কল অব ডিউটি অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- ক্যালিফোর্নিয়া
- যুক্তরাষ্ট্র
