ভারতের উড়িষ্যা
সশস্ত্র মাওবাদী শীর্ষ নেতাসহ নিহত ৬
ভারতের আধা সামরিক বাহিনী বিএসএফ ও সিআরপিএফের হাতে নিহত হন সশস্ত্র মাওবাদী নেতা গণেশ উইকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ২২:১২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ২২:১৫
ভারতের উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী তেলেগু কমান্ডার গণেশ উইকেসহ (৬৯) ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যটির রম্ভা ফরেস্ট রেঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন।
উইকে ভারতের নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির উচ্চপদস্থ সদস্য এবং উড়িষ্যা অভিযানের প্রধান। তাঁর মাথার ওপর এক কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা ছিল।
তেলেঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা উইকে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মূলত ‘পাক্কা হনুমন্তু’, ‘চামরু’ ও ‘রুপা—এমন নানা ছদ্মনামে কাজ করতেন।
উড়িষ্যার কান্ধমাল ও গঞ্জাম জেলার সীমান্তবর্তী রম্ভা বন এলাকায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) টিমগুলোর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ইউকে নিহত হন। তাঁর সঙ্গে দুই নারী বিদ্রোহীসহ আরও পাঁচজন নিহত হন। কয়েক দিন আগে ওডিশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভারতের দুই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ ও সিআরপিএফ ওডিশার কন্ধমাল ও গঞ্জাম জেলার সীমান্তবর্তী জঙ্গল এলাকা ঘিরে ফেলে। সেখানে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ওডিশা পুলিশ জানিয়েছে, পাল্টাপাল্টি গোলাগুলিতে গণেশ উইকেসহ মোট চারজন মাওবাদী সদস্য নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন নারী ক্যাডারও ছিলেন।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মতে, তিনি মাওবাদী রণকৌশল নির্ধারণ এবং ওডিশা ও সংলগ্ন অঞ্চল অর্থাৎ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার কিছু অংশে সংগঠন মজবুত করার প্রধান কারিগর ছিলেন। এর আগে দলের সম্পাদক বাসবরাজসহ প্রায় গোটা শীর্ষ নেতৃত্ব মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অথবা আত্মসমর্পণ করেছেন।
সম্প্রতি মারা যান শীর্ষ আদিবাসী কমান্ডার মাদভি হিদমা, যিনি মাওবাদীদের সামরিক নেতৃত্বের প্রধান প্রতিনিধি ছিলেন। খবর- এনডিটিভি
