ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ
আটকের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে বন্দি রাখা হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১২:৫৫
মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ, যিনি মাদুরো সরকারের অনুগত বলে পরিচিত, তিনিও বিক্ষোভে যোগ দিয়েছেন। কারমেন মেলান্দেজ বলেন, তাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র ‘অপহরণ’ করে নিয়ে গেছে।
এদিকে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় শেষরাতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় এই অভিযান চালানো হয়।
এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব।’ পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব খনি নিয়ন্ত্রণে নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও অনেক বড় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
ভেনেজুয়েলার হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে রাশিয়া। আর অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া কিউবা, ইরানসহ অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও। তিনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
