ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টিকটকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ নেই: সিআইএ

টিকটকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ নেই: সিআইএ
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৯:০২

টিকটকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

সিআইএ কর্তক হোয়াইট হাউসকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকার টিকটকের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর নিউইয়র্ক টাইমসের

সিআইএ’র এই প্রতিবেদন এমন সময়ে প্রকাশ পেল, যখন নিরাপত্তাগত বিষয়কে ইস্যু হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশাসন সেখান থেকে চীনা কোম্পানিগুলোকে বের করে দেওয়া কিংবা তাদের কার্যক্রম সীমিত করার চেষ্টা চালাচ্ছে। দেশটির প্রশাসনের দাবি, টিকটক যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীন সরকারের হাতে তুলে দিচ্ছে। তবে টিকটকের পক্ষ থেকে এতদিন এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

তবে এত কিছুর পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে তার দেশে টিকটকের তৎপরতা ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। টিকটক এই আদেশের বিরুদ্ধে  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার আদেশে বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বরে টিকটককে চীনা মালিকানা থেকে যুক্তরাষ্ট্রের মালিকানায় ছেড়ে দিতে হবে। তা না হলে এই সামাজিক মাধ্যমটির তৎপরতা সে দেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। এখন পর্যন্ত টিকটক কিনে নেওয়ার জন্য যেসব কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে, সেগুলোর মধ্যে মাইক্রোসফট ও টুইটার অন্যতম।

আরও পড়ুন

×