উমর খালিদকে মামদানির চিঠিতে নয়াদিল্লির ক্ষোভ
হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বললেন নিউইয়র্কের মেয়র
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১১:৫৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১২:২৬
ভারতের কারাগারে বিনা বিচারে বন্দি ছাত্রনেতা ও মানবাধিকারকর্মী ওমর খালিদকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আর এতেই খেপেছে নয়াদিল্লি। মামদানির লেখা ওই চিঠি গণমাধ্যমে প্রকাশের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লি বলছে, অন্য কোনো দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা থেকে জনপ্রতিনিধিদের বিরত থাকা উচিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, নিউইয়র্ক সিটির মেয়রের মন্তব্য ভারতের বিচারব্যবস্থার স্বাধীনতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না। তাঁর ভাষায়, ‘ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ জনপ্রতিনিধিদের শোভা পায় না। বরং তাদের নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হওয়া উচিত।’
গত বছর ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময় উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। এরপর তিনি খালিদকে একটি চিঠি লেখেন। সম্প্রতি খালিদের পরিবার চিঠিটি প্রকাশ করলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে মামদানি লেখেন, ‘তিক্ততা যেন মানুষকে গ্রাস না করে– এই কথাগুলো প্রায়ই মনে করি। আমরা সবাই তোমার কথা ভাবছি।’
২০২০ সালের সেপ্টেম্বর থেকে বিনা বিচারে কারাবন্দি উমর খালিদ। নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সংঘটিত দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হন, যাদের অধিকাংশই মুসলিম। অভিযোগ রয়েছে, পুলিশ পক্ষপাতদুষ্টভাবে মুসলিম ছাত্র ও আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। খালিদসহ অন্তত ১৮ ছাত্রনেতা তখন আটক হন।
সন্ত্রাসবিরোধী কঠোর আইন ইউএপিএর আওতায় অভিযুক্ত হওয়ায় তাঁর জামিন পাওয়া কঠিন হয়ে গেছে। বছরে মাত্র একবার জামিন চাইতে পারেন এই আইনে বন্দিরা। গত সপ্তাহেই ভারতের সুপ্রিম কোর্ট তাঁর জামিন আবেদন আবারও খারিজ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছে।
নিউইয়র্কে হামাসপন্থি স্লোগানের কোনো জায়গা নেই
এদিকে নিউইয়র্কের কুইন্সে এক বিক্ষোভে হামাসপন্থি স্লোগান ওঠার ঘটনায় মেয়র মামদানি স্পষ্টভাবে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন। কুইন্সে একটি সিনাগগের বাইরে অনুষ্ঠিত ওই বিক্ষোভে হামাসের সমর্থনে স্লোগান এবং পাল্টা বিক্ষোভে বর্ণবাদী বক্তব্যের নিন্দা জানান তিনি।
সামাজিক মাধ্যম এক্সে মামদানি বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের পক্ষে স্লোগান নিউইয়র্কে কোনোভাবেই বরদাশত করা হবে না।’ নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসও বলেন, ‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন। আমরা সন্ত্রাসকে সমর্থন করি না।’
- বিষয় :
- ভারত
- চিঠি
- নিউইয়র্ক সিটি
- জোহরান মামদানি
