রয়টার্সের প্রতিবেদন
মাদুরোর গ্রেপ্তারের নেপথ্যে কাবেলোর গোপন আঁতাত
নিকোলাস মাদুরো ও দিয়োসদাদো কাবেলো। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৩৭
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। দেশের সর্বোচ্চ সুরক্ষিত প্রেসিডেন্ট প্যালেস থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন বাহিনী মাদুরোকে কীভাবে তুলে নিল– এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে এসেছে ‘ভেতরের আঁতাত’-এর ইঙ্গিত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর বিষয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, মাদুরোকে তুলে নেওয়ার অভিযানের কয়েক মাস আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন যোগাযোগ শুরু হয় কাবেলোর। সূত্রগুলোর দাবি, মাদুরোর অবস্থান, নিরাপত্তা বলয় ও রাষ্ট্রীয় বাহিনীর প্রস্তুতি সম্পর্কে যুক্তরাষ্ট্র আগাম ও নির্ভরযোগ্য তথ্য পেয়েছিল। এসব তথ্য সরবরাহে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন ‘বিশ্বাসঘাতক’ ভূমিকা রাখেন বলে উল্লেখ করা হয়। নাম প্রকাশ না হলেও সন্দেহের তীর যাচ্ছে কাবেলোর দিকেই।
উল্লেখযোগ্য বিষয় হলো, মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের যেসব মামলায় যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে, সেই একই মামলায় অভিযুক্ত হলেও গ্রেপ্তার করা হয়নি কাবেলোকে। বরং অভিযানের পরও তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে চারটি সূত্রের বরাতে নিশ্চিত করেছে রয়টার্স। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারপন্থি সশস্ত্র মিলিশিয়া ‘কোলেকতিভো’দের ওপর কাবেলোর নিয়ন্ত্রণ থাকায় তাঁকে পাশ কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ঝুঁকি নেয়নি যুক্তরাষ্ট্র। মাদুরোকে অপসারণের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ দায়িত্ব নিলেও বাস্তবে ক্ষমতার ভারসাম্য এখনও কাবেলোর হাতেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, কাবেলো যদি তাঁর নিয়ন্ত্রণাধীন বাহিনী পুরোপুরি মাঠে নামান, তবে ভেনেজুয়েলাজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে।
একই সময়ে রাজনৈতিক বন্দিদের আংশিক মুক্তি ও নিরাপত্তা তল্লাশি কমে আসার ঘটনাকেও কাবেলোর কৌশলগত অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র আপাতত ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বজায় রাখা এবং তেলসমৃদ্ধ দেশটির সঙ্গে সমঝোতার পথ খোলা রাখতে কাবেলোর ওপর নির্ভর করছে বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে, মাদুরো গ্রেপ্তার হলেও ক্ষমতার কেন্দ্র থেকে কাবেলোর বিদায় ঘটলেই প্রকৃত পরিবর্তন আসবে।
- বিষয় :
- নিকোলাস মাদুরো
