একাধিক নেতার খুদে বার্তা ফাঁস করে জোরাল হুমকি ট্রাম্পের
সাংবাদিকের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১৮:২০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ১৮:২৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি খুদে বার্তা পাঠিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মঙ্গলবার সেটি ফাঁস করে দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি তিনি ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। জোরাল করেছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকিও।
ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প খুদে বার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে লেখা ছিল, ‘আমার বন্ধু, সিরিয়ার বিষয়ে আমরা একই কাতারে আছি। ইরানেও ভালো কিছু করেছি। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনি গ্রিনল্যান্ডে কী করছেন।’ বার্তাটি যে মাখোঁই পাঠিয়েছিলেন তা দ্য নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন ফ্রান্সের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
বার্তায় মাখোঁ ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে আরও লিখেন, ‘চলুন আরও ভালো কিছু করার চেষ্টা করি। ১. বৃহস্পতিবার বিকেলে প্যারিসে আমি জি-৭ এর বৈঠক আয়োজন করতে পারি। সেখানে ইউক্রেনিয়ান, ড্যানিশ, সিরিয়ান ও রাশিয়ানদের আমন্ত্রণ জানাতে পারি। ২. আপনি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে চলুন প্যারিসে সবাই মিলে নৈশভোজ করি।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সামাজিক মাধ্যমে মাখোঁর বার্তা ফাঁস করার আগে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ইউরোপের যেসব দেশ গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধীতা করবে, তাদের পণ্যের ওপরও তিনি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
এমানুয়েল মাখোঁর খুদে বার্তার পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাঠানো একটি বার্তার স্ক্রিনশটও পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে লেখা, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গ্রিনল্যান্ড নিয়ে একটি সমাধান বের করবো।’ ন্যাটোর একজন কর্মকর্তাও এই বার্তার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
বার্তা ফাঁসের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো একটি ছবিও ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে তাঁকে গ্রিনল্যান্ডের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পাশে একটি সাইনবোর্ডে লেখা, ‘গ্রিনল্যান্ড, যুক্তরাষ্ট্রের অঞ্চল, প্রতিষ্ঠা-২০২৬’। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এদিন (মঙ্গলবার) গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকিও জোরাল করেছেন। বলেছেন, এখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই।
