মাখোঁর সানগ্লাস পরা নিয়ে কেন এত আলোচনা
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় সানগ্লাস পরে বক্তব্য দেন এমানুয়েল মাখোঁ। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে। ছবি: এএফপি
দ্য নিউইয়র্ক টাইমস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১৮:৪১
ফরাসিরা তাদের রুচি ও ফ্যাশনের জন্য বেশ পরিচিত। তাই সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় এমানুয়েল মাখোঁকে সানগ্লাস পরা অবস্থায় দেখে অনেকেই অবাক হননি।
কিন্তু মাখোঁর সানগ্লাস পরার কারণ ফ্যাশন ছিল না। বরং চোখের সমস্যার কারণে নীল আভাযুক্ত অ্যাভিয়েটর ধাঁচের সানগ্লাস পরে সভার মঞ্চে ওঠেন মাখোঁ। প্রায় ১৮ মিনিট ধরে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজে চশমা নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু সামাজিক মাধ্যমে এ নিয়ে চর্চা বাদ যায়নি।
কেউ কেউ মাখোঁর সানগ্লাসকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখেছেন। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টা ও শুল্ক আরোপের হুমকির মুখে ফরাসি প্রেসিডেন্ট কঠোর ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছেন।
অনেকে আবার সানগ্লাস পরা মাখোঁকে ‘টপ গান’ সিনেমায় টম ক্রুজের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাভিয়েটর চশমার কথাও বলছেন। যদিও বিশ্বনেতাদের সামনে ভাষণ দেওয়ার সময় বাইডেনকে কখনো সানগ্লাস পরতে দেখা যায়নি।
সম্প্রতি ফ্রান্সের সশস্ত্র বাহিনীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময়ও মাখোঁকে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, মাখোঁর চোখের ভেতরের রক্তনালি ফেটে গেছে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘সাবকনজাংটিভাল হেমোরেজ’ বলা হয়। আমেরিকান একাডেমি অব অপথ্যালমোলজি অনুযায়ী, আঘাত, কাশি, হাঁচি, উচ্চ রক্তচাপ অথবা রক্ত পাতলা করার ওষুধের কারণে এটি হতে পারে। সাধারণত দুই সপ্তাহের মধ্যে কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়।
এ বিষয়ে জানতে এমানুয়েল মাখোঁর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস। তবে তাৎক্ষণিক সাড়া পায়নি।
