ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা, যোগ দিল যেসব দেশ
শান্তি পর্ষদের সনদে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরের পর হাতহাতি দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৮:৫৫
সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠনের ঘোষণা দিয়েছেন। প্রথমে তিনি নিজে পর্ষদের সনদে স্বাক্ষর করেন। পরে এতে অন্তত ২০টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন বলে জানিয়েছে আলজাজিরা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তথাকথিত এই শান্তি পর্ষদ বিশ্বে সংঘাত নিরসনে কাজ করবে। সনদে স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, এখন থেকে শান্তি পর্ষদ একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে যাত্রা শুরু করলো।
সনদে স্বাক্ষর শেষে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরা লিখেছে, বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, শান্তি পর্ষদের সঙ্গে সবাই কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের পাশাপাশি জাতিসংঘের সঙ্গেও কাজ করার সম্ভাবনার কথা বলেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, প্রায় ৫০টি দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৩৫টি দেশের নেতা যোগ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। এসব দেশের মধ্যে আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিশর।
ন্যাটোভুক্ত যেসব দেশ শান্তি পর্ষদে যোগ দেবে সেগুলো হলো- তুরস্ক ও হাঙ্গেরি। এর বাইরে মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কসোভো, উজবেকিস্তান, কাজাখস্তান, প্যারাগুয়ে ও ভিয়েতনাম শান্তি পর্ষদে যোগ দেবে।
স্বাক্ষর অনুষ্ঠানে পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ছিলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, প্যারাগুয়ের প্রেসিডেন্ট শান্তিয়াগো পেনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কসোভোর প্রেসিডেন্ট জোসা ওসমানি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান, বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াজোভ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
- বিষয় :
- শান্তি পর্ষদ
- ডোনাল্ড ট্রাম্প
- বোর্ড অব পিস
