পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ২১৬
বেলুচ বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত যান থেকে পুনরায় ব্যবহার উপযোগী সামগ্রী খোঁজেন স্থানীয়রা। ১ ফেব্রুয়ারি কোয়েটায়। ছবি: এএফপি
ডয়চে ভেলে
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪৫
পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক অভিযান চালিয়ে ২১৬ জন বালোচ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
গত শনিবার বেলুচ বিদ্রোহীরা (বেলুচ লিবারেশন আর্মি) পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশের ব্যাংক, স্কুল ও বাজারে হামলা চালায়। দখল নেয় খনিজ সমৃদ্ধ শহর নুশকির। এতে ২২ জন নিরাপত্তাকর্মী ও ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। সেই হামলার জবাব দিতে বুধবার পাল্টা আক্রমণ চালায় সেনাবাহিনী।
বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ২৯ জানুয়ারি শুরু হওয়া তাদের রাদ আল-ফিতনা-১ (অরাজকতা দমন) অভিযানের পর বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি। নুশকি শহর তিনদিন তাদের দখলে থাকলেও হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারে তা পুনরুদ্ধার করা হয়েছে।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী প্রদেশটিতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় বিধিনিষেধ ঘোষণা এবং জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
- বিষয় :
- নিহত
- বেলুচিস্তান
- পাকিস্তান
