ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেষ হলো যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ 

নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের

শেষ হলো যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ 
×

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে বিশ্ব নতুন এক নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর মধ্যে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা আর পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমাবদ্ধের বিষয়ে বাধ্য নয়। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি ছিল ১০ বছরের। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এটি সই করেন। মেদভেদেভ পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এক মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সীমা আরও ১২ মাস মেনে চলার যে প্রস্তাব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছিলেন, সেই বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো জবাব দেয়নি।  চুক্তির মেয়াদ শেষ হলে মস্কো ও ওয়াশিংটন উভয়ই ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে এবং আরও শত শত কৌশলগত ওয়ারহেড মোতায়েন করতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি করতে বাস্তব ও প্রযুক্তিগত নানা জটিলতা রয়েছে এবং এতে সময় লাগবে।

নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক। দশকের অর্জিত অস্ত্র নিয়ন্ত্রণ শেষ হওয়া একদমই ভালো সময় নয়। 

আরও পড়ুন

×