ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মস্কোতে রুশ জেনারেলকে গুলি করে দুবাই যাত্রা, অভিযুক্ত গ্রেপ্তার

মস্কোতে রুশ জেনারেলকে গুলি করে দুবাই যাত্রা, অভিযুক্ত গ্রেপ্তার
×

রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভ। ছবি: এএফপি

সিএনএন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪৫

রাশিয়ার শীর্ষস্থানীয় লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভকে গুলি করা হয় গত শুক্রবার। ঘটনাটির তদন্তকারীরা দাবি করেছেন, এর পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জড়িত। মূল অভিযুক্তকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আলেকসেয়েভকে গুলি করা হয় মস্কোতে। রুশ তদন্তকারীরা জানিয়েছেন, মূল অভিযুক্ত ব্যক্তি এরপর পালিয়ে দুবাইয়ে যান। তাঁর সঙ্গে থাকা আরেকজনকে আটক করা হয়েছে। আরও একজন ইউক্রেনে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। রুশ কর্মকর্তাদের দাবি, মূল অভিযুক্ত ব্যক্তি ৬০ বছর বয়সী। তিনি ইউক্রেনের তেরনোপিল এলাকার বাসিন্দা। কিয়েভ স্পেশাল সার্ভিসের নির্দেশে আলেকসেয়েভকে গুলি করতে তিনি গত ডিসেম্বরে রাশিয়ায় ঢোকেন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা বলেছিলেন, এ হামলার সঙ্গে কিয়েভের কোনো সম্পর্ক নেই।

মস্কোর ভলোকলামস্কয় হাইওয়ের একটি আবাসিক ভবনে শুক্রবার ভোরে লেফটেন্যান্ট জেনারেল আলেকসেয়েভকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। শনিবার রুশ বার্তা সংস্থা তাস জানায়, অস্ত্রোপচারের পর আলেকসেয়েভের জ্ঞান ফিরেছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সাইলেন্সার যুক্ত একটি মাকারভ পিস্তল জব্দ করেছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি রোববার জানিয়েছে, গুলির ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি মস্কো থেকে দুবাইগামী একটি ফ্লাইটে ওঠেন। পরে তাঁকে আটক করে রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। 

৬৪ বছর বয়সী আলেকসেয়েভ রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা জিআরইউ এর উপপ্রধান। ২০২৩ সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের সময়  গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার জন্য আলেকসেয়েভকে পাঠিয়েছিল রুশ সামরিক বাহিনী। সে সময় তিনি প্রিগোজিনের কর্মকাণ্ডকে একটি অভ্যুত্থান এবং ‘দেশ ও প্রেসিডেন্টের পিঠে ছুরিকাঘাত’ বলে অভিহিত করেছিলেন।

আরও পড়ুন

×