জেনেভায় নতুন করে বৈঠকে বসেছে ইরান-যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্রতীকী ছবি
এএফপি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫০
সুইজারল্যান্ডের জেনেভায় নতুন করে বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ওমানের মধ্যস্থতায় হওয়া এই বৈঠকের মূল লক্ষ্য হলো, সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়ানো। যেখানে গুরুত্ব পাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, পরোক্ষ এই আলোচনায় ওমানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের বার্তা আদান-প্রদান করছেন।
এদিকে বৈঠকের প্রস্তুতি চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ‘তেহরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে পরিণাম ভয়াবহ হবে।’ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় না যে তারা (ইরান) কোনো চুক্তিতে না পৌঁছানোর পরিণতি ভোগ করতে চায়।’
কিছুদিন আগে ওমানের মাসকাটে বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। সেটির ফলাফল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতিতে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ লিখেছে, ওই আলোচনার একটি সতর্ক মূল্যায়ন করা হয়েছে। তেহরানের পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান এখন আরও বাস্তবসম্মত।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে শাসকদের উদ্দেশে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিক্ষোভ দমনে হতাহতের তথ্য সামনের আসার পর সামরিক অভিযানের হুমকিও দেওয়া হয়েছিল। বর্তমানে দেশের অভ্যন্তরে বিক্ষোভ না থাকলেও পরমাণু কর্মসূচি ঘিরে তেহরানকে হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের জুনে ইসরায়েলের সমর্থনে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
- বিষয় :
- বৈঠক
- ইরান
- যুক্তরাষ্ট্র
- পরমাণু
