ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লন্ডনের জাদুঘরে জায়গা পাচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও

লন্ডনের জাদুঘরে জায়গা পাচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও
×

ইউটিউবের প্রথম ভিডিওর ওয়াচ পেজ সংগ্রহ করেছে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

সিএনএন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২৬

যুক্তরাজ্যে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে (ভিঅ্যান্ডএ) জায়গা পাচ্ছে ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটি। প্রায় ২০ বছর আগে এটি আপলোড করেছিলেন প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান-আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী জাভেদ করিম।

ভিঅ্যান্ডএ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইউটিউব প্রতিষ্ঠার মুহূর্তটি ধরে রাখতে চায়। এ জন্য প্ল্যাটফর্মটির প্রাথমিক ওয়াচ পেজ ও জাভেদ করিমের আপলোড করা ভিডিওটি সংগ্রহ করা হয়েছে।

জাভেদ করিম প্রথম ভিডিওটি ধারণ করেছিলেন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায়। আপলোডের সময় ভিডিওটির শিরোনাম দেওয়া হয় ‘মি অ্যাট দ্য জু’। ২০০৫ সালের ২৩ এপ্রিল আপলোড করার পর থেকে ১৯ সেকেন্ডের ক্লিপটি ৩৮২ মিলিয়ন বার দেখা হয়েছে। লাইকের সংখ্যা ১৮ মিলিয়নেরও বেশি।

ভিডিওটিতে জাভেদ করিমকে বলতে শোনা যায়, ‘এই প্রাণীদের (হাতি) সবচেয়ে দারুণ ব্যাপার হলো এদের অনেক... অনেক লম্বা শুঁড় আছে।’ ভিঅ্যান্ডএ-এর মুখপাত্র জানিয়েছেন, জাদুঘরে ইউটিউবের সেই সময়কার ডিজাইন ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা পুনর্নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে কয়েকটি সংস্থা যৌথভাবে কাজ করছে। 

ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন এক বিবৃতিতে বলেছেন, ‘শুরুর ওয়াচ পেজ পুনর্নির্মাণের মাধ্যমে আমরা কেবল একটি ভিডিওই দেখাচ্ছি না; বরং মানুষকে বৈশ্বিক ও সাংস্কৃতিক বিপ্লবের শুরুর সময়ে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

আরও পড়ুন

×