ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজায় সেনা পাঠাবে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ

গাজায় সেনা পাঠাবে ইন্দোনেশিয়া, মরক্কোসহ ৫ দেশ
×

বোর্ড অব পিসের সভায় ইন্দোনেশিয়া (মাঝে) ও কাজাখস্তানের প্রেসিডেন্ট (ডানে)। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৩

ইন্দোনেশিয়া, মরক্কো, কসোভোসহ পাঁচটি দেশ গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন আইএসএফের কমান্ডার। ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত বোর্ড অব পিসের সভায় তিনি এ তথ্য জানান।

হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী, আইএসএফ বা ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ গাজা পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এই বাহিনীতে সেনা পাঠাতে চাওয়া বাকি দুটি দেশ হলো কাজাখস্তান ও আলবেনিয়া। 

আইএসএফের প্রধান করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফারসকে। গত বৃহস্পতিবার তিনি জানান, এই মিশনে ইন্দোনেশিয়ার কন্টিনজেন্ট ডেপুটি কমান্ডার হবে। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের বৈঠকে জেফারস বলেন, এমন প্রাথমিক পদক্ষেপগুলোর মাধ্যমে গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বৈঠকে অংশ নিয়েছিলেন। তিনি জানান, তাঁর দেশ বাহিনীতে ৮ হাজার পর্যন্ত সদস্য পাঠাবে। ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৭২ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে এই বাহিনী শান্তি কার্যকর করতে অবদান রাখবে।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, তাঁর দেশও গাজায় চিকিৎসা ইউনিটসহ অনির্দিষ্ট সংখ্যক সৈন্য পাঠাবে। অন্যদিকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা জানিয়েছেন, তাঁর দেশ গাজায় পুলিশ সদস্য মোতায়েনে প্রস্তুত।

সম্প্রতি ইসরায়েল সফর করা আলবেনিয়ার প্রধানমন্ত্রীও গাজায় সেনা পাঠানোর কথা বলেছেন। মিশর ও জর্ডান জানিয়েছে, তারা পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই মিশনে অংশ নেবে।

আরও পড়ুন

×