পারমাণবিক চুক্তি করতে ইরানকে ১০-১৫ দিনের সময় দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: এএফপি
ডয়চে ভেলে
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৪
ইরানের ওপর হামলা করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে ১০ থেকে ১৫ দিন যথেষ্ট। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে চুক্তি করতে তিনি এর থেকে বেশি সময় দেবেন না। তিনি বলেন, ‘হয় আমরা চুক্তি করবো, না হলে তা ইরানের জন্য দুঃখজনক হবে।’
এর আগে ওয়াশিংটনে বিতর্কিত বোর্ড অব পিসের সভায় একই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়ত আমরা ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। আগামী ১০ দিনের মধ্যেই তা জানা যাবে।’ তিনি আরও বলেন, ‘ইরান ক্রমাগত ওই অঞ্চলের স্থায়িত্ব বিঘ্নিত করতে পারে না।’
পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে ইরানকে বিরত থাকতে হবে বলেও জানান ট্রাম্প। বলেন, এই চুক্তি না হলে ইরানের পক্ষে তা খারাপ হবে।
অন্যদিকে, ইরান জাতিসংঘে জানিয়েছে, তাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে তারাও প্রস্তুত হবে। ওই অঞ্চলে যারা ইরানের বিরোধী তাদের লক্ষ্যবস্তু বানানো হবে। জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে তারা আরও জানিয়েছে, ইরান যুদ্ধ চায় না, কিন্তু সামরিক আক্রমণ হলে চুপ থাকবে না।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- পারমাণবিক চুক্তি
