প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪০
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী এক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার এক্স-এ এক পোস্টে মার্কিন বাহিনী বাহিনী দাবি করেছে, আঘাত হানা নৌযানটি ‘মাদক পাচার কার্যক্রমে নিয়োজিত’ ছিল।
রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে একের পর এক ‘সফল অভিযান’ পরিচালনার দাবি করে আসছে।
ট্রাম্পের এক মাদকবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৪০টিরও বেশি নৌযানে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। তাদের এসব হামলায় ১৩০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে।
যেসব নৌযানে তারা হামলা চালিয়েছে সেগুলো সত্যিই মাদক বহন করছিল কি না, এ পর্যন্ত এমন কোনো প্রমাণ হাজির করেনি মার্কিন প্রশাসন।
- বিষয় :
- মার্কিন হামলা
- নিহত
