ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এপস্টেইন কেলেঙ্কারি

রাজপরিবারের উত্তরাধিকার হারাতে পারেন অ্যান্ড্রু

রাজপরিবারের উত্তরাধিকার হারাতে পারেন অ্যান্ড্রু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০২

রাজপরিবারের উত্তরাধিকার তালিকা থেকে সাবেক রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে বাদ দিতে নতুন আইন পাসের কথা ভাবছে ব্রিটিশ সরকার। এতে তিনি ভবিষ্যতে কখনও রাজা হওয়ার সুযোগ হারাবেন। এর আগে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কারণে তাঁর ‘প্রিন্স’সহ বিভিন্ন উপাধি কেড়ে নেওয়া হয়। খবর রয়টার্স ও বিবিসির

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী লুক পোলার্ড বলেন, পুলিশের তদন্তের ফলাফল যাই হোক না কেন, এ পদক্ষেপ নেওয়াই সঠিক হবে। বর্তমানে রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু সিংহাসনের উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। 

অ্যান্ড্রুকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের কাছে সরকারের গোপন নথি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ১১ ঘণ্টা পর তাঁকে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। 

সরকার জানিয়েছে, তাঁকে উত্তরাধিকার তালিকা থেকে বাদ দিতে হলে সংসদে আইন পাস করতে হবে এবং রাজা চার্লসের অনুমোদন লাগবে। পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কমনওয়েলথের ১৪টি দেশের সম্মতিরও প্রয়োজন হবে। 

লিবারেল ডেমোক্র্যাট, এসএনপি ও কিছু লেবার এমপি এ পদক্ষেপে সমর্থন জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করেন, অ্যান্ড্রুর রাজা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই আইনটি জরুরি নয়। 

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর সাবেক দেহরক্ষীদের সঙ্গে যোগাযোগ করছে এবং এপস্টেইনের সঙ্গে যুক্ত যৌন অপরাধ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা জানাতে আহ্বান জানিয়েছে। 

রয়টার্স জানায়, অ্যান্ড্রুকে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় গোপন নথি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তদন্তের অংশ হিসেবে তাঁর বর্তমান বাসস্থান ও উইন্ডসরের সাবেক বাসভবনে তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

আরও পড়ুন

×