ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চার বছরের যুদ্ধে ১৮ লাখ হতাহত, রাশিয়া কতটুকু ভূখণ্ড পেল

চার বছরের যুদ্ধে ১৮ লাখ হতাহত, রাশিয়া কতটুকু ভূখণ্ড পেল
×

যুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মারক দেয়ালের সামনে ফুল হাতে এক নারী। মঙ্গলবার ইউক্রেনের কিয়েভে। ছবি: এএফপি

এএফপি ও পিবিএস

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০৭

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আগের দুই বছরের তুলনায় গত ২৪ মাসে রাশিয়া বেশি ভূখণ্ড দখল করেছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) -এর তথ্য বিশ্লেষণ করে দেখেছে এএফপি। সেখানে এমন তথ্য উঠে এসেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রুশ সেনারা ৪ হাজার ৫২৪ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। যা আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের চেয়ে কিছুটা বড়। এর বাইরে মস্কো আরও ৭৩১ বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি করেছে। তবে আইএসডব্লিউয়ের তথ্যে তা নিশ্চিত হওয়া যায়নি। 

ভূমি দখলের ক্ষেত্রে যুদ্ধের দ্বিতীয় বছর ছিল তুলনামূলক স্থিতিশীল। তৃতীয় বছরে রাশিয়া ৪ হাজার ১৪৩ বর্গকিলোমিটার এলাকা দখল করেছিল। চতুর্থ বছরে অর্জিত এলাকার অর্ধেকেরও বেশি জায়গায় মস্কো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বাকি এলাকাগুলোতে রুশ বাহিনী অগ্রসর হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। 

মস্কো সব মিলিয়ে ইউক্রেনের ১৯ শতাংশেরও বেশি এলাকা দখল করে রেখেছে। এর বেশিরভাগ অর্জন করে যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরোদমে আগ্রাসন শুরুর আগে থেকে ক্রিমিয়া এবং ডনবাসের অঞ্চলসহ প্রায় ৭ শতাংশ এলাকা রুশ বা মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল।

চতুর্থ বছরে এসে দুই পক্ষ যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসেছিল। কিন্তু শেষ দফার আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মূল বিষয়গুলো নিয়ে এখনও তাদের মতপার্থক্য আছে।

গত ১২ মাসে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিল পোকরভস্ক দখল। এটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ‘লজিস্টিক হাব’ হিসেবে পরিচিত। রাজধানী কিয়েভ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের শহরটি এক বছরের বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল। গত ১ ডিসেম্বর রুশ সেনাবাহিনী এটি দখলের দাবি করে।

যুদ্ধে রুশ বাহিনী তাদের অগ্রগতির বেশিরভাগই করেছে দোনেৎস্ক অঞ্চলে (২ হাজার ২০ বর্গকিলোমিটার)। সেখানে তাদের অভিযান মাঝেমধ্যে প্রতিবেশী জাপোরিঝিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক পর্যন্ত বিস্তৃত হয়। গত বছরের জুনে প্রথমবারের মতো দোনেৎস্কের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী অঞ্চলগুলোর অন্তত ২৩০ বর্গকিলোমিটার ভেতরের এলাকায় অভিযান চালায় রুশ বাহিনী।

হতাহত ১৮ লাখ
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) -এর প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম পিবিএস জানিয়েছে, যুদ্ধে উভয় পক্ষের নিহত, আহত বা নিখোঁজ সৈনিকদের আনুমানিক সংখ্যা ১৮ লাখ। 

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার হতাহতের সংখ্যা ১২ লাখ। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ২৫ হাজার সেনা। সিএসআইএসের হিসাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সংঘাতে কোনো বৃহৎ শক্তির জন্য এটিই সর্বোচ্চ সংখ্যক সৈন্য মৃত্যুর ঘটনা।

রাশিয়া ২০২৩ সালের জানুয়ারির পর থেকে যুদ্ধক্ষেত্রে নিহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে মস্কোর নিশ্চিত করা মোট সামরিক মৃত্যুর সংখ্যা ছিল ৬ হাজারের কিছু বেশি। সিএসআইএসের অনুমান অনুযায়ী, ইউক্রেনের সামরিক বাহিনীতে ৫ থেকে ৬ লাখ হতাহত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি মাসের শুরুর দিকে বলেছিলেন, যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। আরও অনেকেই নিখোঁজ আছেন। 

পিবিএস জানিয়েছে, মস্কো বা কিয়েভ- কোনো পক্ষই সামরিক ক্ষয়ক্ষতির সময়োপযোগী তথ্য প্রদান করে না। ফলে স্বাধীনভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×