সংঘাত এড়ানোর ‘শেষ চেষ্টার’ বৈঠকে বসেছে ইরান-যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্রতীকী ছবি
বিবিসি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৭
ইরান পরমাণু চুক্তিতে পৌঁছাতে না পারলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসেছে ওয়াশিংটন ও তেহরান। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা শুরু হয়েছে।
বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তি মোতায়েন করেছে। অন্যদিকে ইরানও অঙ্গীকার করেছে, যেকোনো হামলার জবাবে তারা শক্তি প্রয়োগ করবে। তাই বৃহস্পতিবারের আলোচনাকে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো অস্পষ্ট।
যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান করতে পছন্দ করেন। তবে তিনি এও জানিয়েছেন, ইরানি নেতাদের চুক্তিতে বাধ্য করতে দেশটিতে একটি সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করা হচ্ছে।
তবে নতুন করে বসা আলোচনায় ট্রাম্প ঠিক কী দাবি করছেন এবং কেন এখন সামরিক পদক্ষেপের প্রয়োজন হতে পারে, সে সম্পর্কে তিনি খুব বেশি ব্যাখ্যা দেননি।
ইরান তাদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার ব্যাপারে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে এবারের বৈঠকে কিছুটা ছাড় দিতে প্রস্তুত বলে ইঙ্গিত পাওয়া গেছে।
- বিষয় :
- বৈঠক
- পরমাণু
- ইরান
- যুক্তরাষ্ট্র
