এপস্টেইন নথিতে স্টিফেন হকিংয়ের সঙ্গে দুই নারীর ছবি, সঙ্গে ককটেল
যুক্তরাষ্ট্রের একটি দ্বীপের হোটেলে অন্যদের সঙ্গে স্টিফেন হকিং। ছবি: মার্কিন বিচার বিভাগ
ইনডিপেনডেন্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৩
যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি ছবি পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, বিশ্রামের চেয়ারে শুয়ে ককটেল (মিশ্র পানীয়) পান করছেন হকিং। পাশে বিকিনি পরা দুই নারী।
ছবিটি কবে তোলা সে তথ্য ওই নথিতে নেই। ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা দুই নারী বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক বিজ্ঞানীর দীর্ঘদিনের সেবিকা। ছবিতে তিনজনের হাতেই ককটেল দেখা গেছে। তাদের মধ্যে এক নারী হকিংয়ের ককটেলের গ্লাস ধরে রাখতে সাহায্য করছিলেন।
ব্ল্যাক হোল এবং সাধারণ আপেক্ষিকতা নিয়ে গবেষণার মাধ্যমে আধুনিক মহাবিশ্বতত্ত্বে বিপ্লব ঘটানো হকিং ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মারা যান। তিনি ৫৫ বছরেরও বেশি সময় ধরে মোটর নিউরন ব্যাধিতে আক্রান্ত ছিলেন। ওই সময় তাঁর জীবনযাপনে অন্যের সাহায্যের প্রয়োজন হতো।
যৌন অপরাধী জেফরি এপস্টেইন মামলার তদন্তে সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যে নথি প্রকাশ করেছে, তাতে হকিংয়ের ছবিটি আছে। হকিং ২০০৬ সালে ইউএস ভার্জিন আইল্যান্ডের সেন্ট থমাস-এর রিজ কার্লটন হোটেলে একটি বিজ্ঞান সেমিনারে গিয়েছিলেন। সেখানে তিনি কোয়ান্টাম কসমোলজি নিয়ে বক্তব্য দেন। ধারণা করা হচ্ছে ছবিটি সেখানে তোলা।
এপস্টেইন নথিতে হকিংয়ের নাম শতাধিকবার এসেছে। তবে নথিতে কেবল নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়।
- বিষয় :
- এপস্টেইন ফাইল
