রুদ্ধদ্বার সাক্ষ্যে হিলারির ছবি ফাঁস, ‘রাজনৈতিক নাটক’ বিতর্কের মধ্যেই ফের জবানবন্দি শুরু
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪০
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইনের অপরাধ নিয়ে তদন্তে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি প্রতিনিধি পরিষদের কমিটির সামনে হাজির হন। তবে এ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি দেখা দেয়। রুদ্ধদ্বার সাক্ষ্যে অংশ নেওয়া হিলারির ছবি ফাঁস হওয়ার পর কিছু সময়ের জন্য থমকে যায় সাক্ষ্যগ্রহণ। পরে তা আবারও শুরু হয়।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটির এই শুনানিকে ‘দলীয় রাজনৈতিক নাটক’ বলে অভিযোগ করেন হিলারি ক্লিনটন। তার ভাষ্য, এপস্টেইন-সংক্রান্ত নথিপত্র ও অভিযোগ নিয়ে তদন্ত করতে চাইলে সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ডাকা উচিত। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সাক্ষ্য দেওয়ার আহ্বান জানান।
ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেন, বন্ধ দরজার বৈঠক থেকে ছবি প্রকাশ করা ‘সম্পূর্ণ নিয়মবহির্ভূত’। তাদের মতে, এটি শুনানির শৃঙ্খলা ভঙ্গ করেছে।
হিলারি ক্লিনটন বলেন, জেফরি এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো তথ্য নেই এবং তিনি এপস্টেইনের সঙ্গে কখনো সাক্ষাৎ বা কথা বলেছেন বলে মনে করতে পারছেন না।
তবে বৃহস্পতিবারের সাক্ষ্যে মার্কিন আইনপ্রণেতাদের হিলারি কী বলেছেন, সেটার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, বিল ক্লিনটন এপস্টেইনকে চিনতেন বলে স্বীকার করলেও কোনও ধরনের অন্যায়ের কথা বা এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, প্রায় দুই দশক আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তার মতো একজনের সঙ্গে পরিচয় থাকা নিয়ে তিনি অনুতপ্ত।
আগামী শুক্রবার বিল ক্লিনটনেরও আলাদাভাবে হাউজ ওভারসাইট কমিটিতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
- বিষয় :
- এপস্টেইন ফাইল
- হিলারি ক্লিনটন
- সাক্ষ্য
