ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদক পাচারের অভিযোগ থেকে মাদুরো কি রেহাই পাচ্ছেন

মাদক পাচারের অভিযোগ থেকে মাদুরো কি রেহাই পাচ্ছেন
×

নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেস। ফাইল ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:২০

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁর বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগগুলো খারিজের আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রের একজন বিচারকের কাছে এ আবেদন জানানোর সময় মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন তাঁর আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকারকে নস্যাৎ করছে।

মাদুরোর আইনজীবীদের যুক্তি মামলাটি খারিজ হওয়া উচিত। কারণ, মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকারকে অপহৃত প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীর আইনি খরচ মেটাতে বাধা দিচ্ছে।

ম্যানহাটনের ফেডারেল বিচারকের কাছে করা এক আবেদনে মাদুরোর আইনজীবী ব্যারি পোলক বলেছেন, তহবিল আটকে রাখার মাধ্যমে মার্কিন প্রশাসন মাদুরোর আইনজীবী নিয়োগের সক্ষমতায় হস্তক্ষেপ করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা আসামির পছন্দমতো আইনজীবী পাওয়ার অধিকার লঙ্ঘন হচ্ছে।

ব্যারি পোলক আরও বলেছেন, মার্কিন সংবিধানের ষষ্ঠ সংশোধনীর অধীনে আইনজীবী পাওয়ার অধিকারে হস্তক্ষেপ হওয়ায় মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করা প্রয়োজন।

গত ৩ জানুয়ারি বিশেষ অভিযানের মাধ্যমে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী। এরপর থেকে তাঁরা নিউইয়র্কের কারাগারে বন্দি। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, মাদক পাচারকারীদের সহায়তা করার জন্য মাদুরো তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এ কাজে সহযোগী ছিলেন সিলিয়া ফ্লোরেস।

তবে মাদক পাচারের অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন মাদুরো ও সিলিয়া।

আরও পড়ুন

×