ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ ইরানের

নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ ইরানের
×

ইরানের ইসফাহান প্রদেশে নাতানজ পারমাণবিক স্থাপনা। স্যাটেলাইট ছবি: ডয়চে ভেলের সৌজন্যে

রয়টার্স

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১৯:০৪

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির এক কর্মকর্তা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) ইরানি রাষ্ট্রদূত রেজা নাজাফি সোমবার বলেছেন, নাতানজের বিশাল পারমাণবিক কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। 

সোমবার সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বোর্ড অব গভর্নরসকে জানান, তাদের পর্যবেক্ষণে পারমাণবিক স্থাপনায় হামলার কোনো চিহ্ন নেই। এরপরই সংস্থাটির ইরানি দূত সাংবাদিকদের বলেন, একদিন আগে একটি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ইরানে হামলার কারণ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য বিপদের কথা উল্লেখ করেছে। তাদের দাবি, ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতার খুব কাছাকাছি আছে।

হামলা না হওয়ার মূল্যায়ন আইএইএ কিসের ভিত্তিতে তৈরি করেছে তা স্পষ্ট নয়। কারণ, বোর্ড অব গভর্নরসকে রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গ্রোসি বলেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত সাড়া মেলেনি। 

বোর্ড অব গভর্নরসের বৈঠকের পর রেজা নাজাফি সাংবাদিকদের বলেন, ‘গতকাল (রোববার) তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।’ রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে জানতে চাইলে তিনি শুধু নাতানজের নাম বলেন। এরপর চলে যান।

আরও পড়ুন

×