ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত ৬
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১১:৫৭
ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলায় ফরাসি সেনাবাহিনীর একজন চিফ ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন সৈন্য আহত হয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।
মাখোঁ বলেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলা ‘অগ্রহণযোগ্য’। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কোনোভাবেই এ ধরনের হামলার ন্যায্যতা দিতে পারে না।
তিনি বলেন, ওই হামলায় কয়েকজন ফরাসি সেনা আহত হয়েছেন। ফ্রান্স তাদের পাশে রয়েছে। নিহত সেনার পরিবারের প্রতি এবং তার সহযোদ্ধাদের প্রতি ফ্রান্সের জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফরাসি সেনারা ইরাকে অবস্থান করছিলেন উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে।
এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছেন।
ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
- বিষয় :
- ইরাক
- ফ্রান্স
- ইমানুয়েল মাখোঁ
