যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে চীন, ন্যাটোকে হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে চীনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:৫৪ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৩:০৫
হরমুজ প্রণালি সচল করতে চীন ও ন্যাটোভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইছেন ট্রাম্প। তবে এখনো কোনো দেশ উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় এবার হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘সেখানে যাতে কোনো অঘটন না ঘটে তা নিশ্চিত করা প্রণালির সুবিধাভোগীদের কাজ।’ তেল পরিবহনের হার অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চলের ওপর অনেক বেশি নির্ভরশীল।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি বেইজিং প্রণালিটি পুনরায় খুলতে সহযোগিতা না করে তাহলে চলতি মাসের শেষ দিকে তাঁর সঙ্গে শি জিনপিংয়ের নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হতে পারে। তা ছাড়া, সহযোগিতার আহ্বানে ন্যাটো সাড়া না দিলে কিংবা নেতিবাচক জবাব দিলে ভবিষ্যতে খুবই খারাপ কিছু ঘটবে।
প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। সোমবার তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ১০০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছিল।
চলতি সপ্তাহের শুরুতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোকে হরমুজ সচল করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। এরইমধ্যে জাপান ও অস্ট্রেলিয়া জানিয়েছে, ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে আপাতত তাদের কোনো পরিকল্পনা নেই।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংঘাত বাড়তে পারে এমন পদক্ষেপ না নিতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল বারোর সঙ্গে ফোনালাপের সময় আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ‘নিরাপত্তা ছাতা’ আসলে নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো অস্থিরতা তৈরি করছে। তাই প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান- তারা যেন নিজেদের ভূখণ্ড থেকে বিদেশি আক্রমণকারী বাহিনীকে বের করে দেয়।
- বিষয় :
- হরমুজ প্রণালি
- যুদ্ধজাহাজ
- চীন
- ন্যাটো
- ডোনাল্ড ট্রাম্প
