ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে অনাগ্রহ মিত্রদের, ক্ষোভ ট্রাম্পের

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে অনাগ্রহ মিত্রদের, ক্ষোভ ট্রাম্পের
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৬:০৭

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্রদেশ তাতে সাড়া দেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আহ্বানের জবাবে জার্মানি, স্পেন ও ইতালিসহ কয়েকটি মিত্রদেশ জানিয়েছে, আপাতত তারা ওই নৌপথে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা করছে না।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া জার্মান সংবিধান অনুযায়ী এমন সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, ইরানে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অনেক দেশ এ উদ্যোগে সহায়তার আগ্রহ দেখালেও কয়েকটি দীর্ঘদিনের মিত্রের সাড়া প্রত্যাশিত নয়। তিনি বলেন, ‘কিছু দেশ খুব উৎসাহী, আবার কিছু দেশ ততটা নয়। আমরা বহু বছর ধরে তাদের সহায়তা করেছি ও সুরক্ষা দিয়েছি।’

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ইরানের ড্রোন ও নৌমাইনের কারণে এ পথ কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সংঘাতের মধ্যে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকে ড্রোন হামলাও চালিয়েছে।

আরও পড়ুন

×