দামেস্কে মদ বিক্রি নিষিদ্ধ করল সিরিয়ার কর্তৃপক্ষ
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ২০:৫৪
সিরিয়ার রাজধানী দামেস্কে রেস্তোরাঁ ও বারে মদ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার জারি করা এক আদেশে বলা হয়েছে, নাইটক্লাব ও বারের লাইসেন্স বদলে ক্যাফে লাইসেন্স নিতে হবে। শুধু সিল করা বোতলে ‘টেকঅ্যাওয়ে’ হিসেবে এবং প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এলাকায় সীমিতভাবে অ্যালকোহল বিক্রি করা যাবে।
ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের এটি এখন পর্যন্ত অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব দোকানে মদ বিক্রি হবে, সেগুলোকে উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত ৭৫ মিটার এবং নিরাপত্তা স্থাপনা থেকে ২০ মিটার দূরে থাকতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ীদের তিন মাস সময় দেওয়া হয়েছে।
এদিকে একাধিক বার মালিক জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। একজন মালিক বলেন, ‘মানুষ এখানে পিৎজার জন্য আসে না, তাই বারকে ক্যাফেতে রূপান্তর করার কোনো অর্থ দেখছেন না তিনি।’
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অনেক প্রতিষ্ঠান অ্যালকোহল পরিবেশন সীমিত বা বন্ধ করে দেয়।
অন্যদিকে রমজানে রোজা না রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার এবং কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনাও সামনে এসেছে, যা দেশে রক্ষণশীল নীতির কঠোর প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: রয়টার্স
