ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানে একজনের ফাঁসি, চারজন গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানে একজনের ফাঁসি, চারজন গ্রেপ্তার
×

মোসাদের লোগো ও ইরানের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

এএফপি ও আলজাজিরা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৬:২২ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১৬:৪০

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বুধবার একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের স্পর্শকাতর স্থান সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ছবি ও তথ্য দিতেন। ওই ব্যক্তির নাম কুরুশ কায়ভানি। গত বছরের জুনে ১২ দিনের সংঘাতের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

মিজানের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর কায়ভানি তেল আবিবসহ ইউরোপের ছয়টি দেশে প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেছিলেন।

এদিকে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশব্যাপী এক নিরাপত্তা অভিযানে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর অভিযানে ২৬টি প্রদেশ থেকে ১১১ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে মার্কিন শাসনব্যবস্থা ও তাদের প্রক্সি সংস্থাগুলোর চারজন গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম এবং মোতায়েন সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

×