তেহরানে রাশিয়ান অর্থোডক্স গির্জায় হামলা হয়েছে: দূতাবাস
গির্জায় ক্ষয়ক্ষতির এই ছবি প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
এএফপি ও তাস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:৪৮ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:৫০
তেহরানে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, বুধবার ইরানের রাজধানীতে হওয়া হামলায় রাশিয়ান অর্থোডক্স গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার দূতাবাসের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, বুধবার তেহরানের সেন্ট নিকোলাস অর্থোডক্স গির্জার কাছে দুটি হামলা চালানো হয়েছে। এতে গির্জার মূল ভবন, দুস্থ নিবাস এবং বেশ কিছু প্রযুক্তিগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।
দূতাবাস থেকে হামলা পরবর্তী কিছু ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, গির্জার ছাদের একটি অংশ ধসে পড়েছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং জানালার কাঁচ ভেঙে পড়ে আছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেসামরিক অবকাঠামো এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দূতাবাস।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে কূটনৈতিক মিশনটি লিখেছে, একটি বড় ধর্মীয় উৎসবের আগে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হঠকারিতার কারণে ইরানের অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় এখন গির্জায় যেতে পারছে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে হামলার নিন্দা জানানো হয়েছে।
