যুদ্ধের রেশ দাম্পত্য জীবনে টানলেন ট্রাম্প, জবাব দিলেন মাখোঁ
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৯:৫৪
ইরানবিরোধী যুদ্ধে যোগ না দেওয়ায় বুধবার ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর দাম্পত্য জীবন নিয়ে কটাক্ষ করেন। বৃহস্পতিবার এমানুয়েল সেটির জবাব দিয়েছেন।
ব্যক্তিগত এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে ট্রাম্প ন্যাটো নিয়ে কথা বলার সময় এমানুয়েলের ফ্রেঞ্জ উচ্চারণভঙ্গি নকল করে বলেন, ‘মাখোঁর স্ত্রী তাঁর সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেন। সেই আঘাত মাখোঁ এখনো সেরে উঠছেন।’
দক্ষিণ কোরিয়া সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ট্রাম্পের কথায় কোনো আভিজাত্য নেই। বরং সেটি খুবই মানহীন। সুতরাং আমি এমন মন্তব্যের কোনো জবাব দেব না।’
বর্তমানে যুদ্ধের উত্তেজনা প্রশমন জরুরি বলে উল্লেখ করেন মাখোঁ। ডোনাল্ড ট্রাম্পের ঘনঘন নীতি বদলের দিকে ইঙ্গিত করে একপর্যায়ে বলেন, ‘সব জায়গায় কথা বলাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের স্থিতিশীলতা ও শান্তি প্রয়োজন। এটি কোনো শো নয়।’
মাখোঁর দাম্পত্য জীবন নিয়ে ট্রাম্পের মন্তব্য ফ্রান্সের রাজনীতিবিদদের মাঝেও ক্ষোভ তৈরি করেছে। পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেসিডেন্ট ইয়েল ব্রোঁ-পিভের মতে, ‘এটি শিষ্টাচারের নূন্যতম পর্যায়েও পড়ে না।’
ফরাসি গণমাধ্যম ফ্রান্সইনফোকে ইয়েল ব্রোঁ বলেন, আমরা এখন বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে ইরানে যা ঘটছে, তা লাখ লাখ মানুষের জীবনের ওপর প্রভাব ফেলছে। রণক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে। অথচ একজন প্রেসিডেন্ট অন্যের বিষয় নিয়ে উপহাস ও হাসাহাসি করছেন।
