ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নেপালে জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বাড়তে পারে ফ্লাইট ভাড়া

নেপালে জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বাড়তে পারে ফ্লাইট ভাড়া
×

ত্রিভুবন বিমানবন্দরে পার্ক করা একটি উড়োজাহাজ। বৃহস্পতিবার কাঠমাণ্ডুতে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২০:১৯

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সংকটের কারণে নেপাল তাদের জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ করেছে। এর ফলে দেশটির পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রায় ৩ কোটি জনসংখ্যার স্থলবেষ্টিত দেশ নেপাল জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামায় দেশটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার নেপাল অয়েল করপোরেশনের (এনওসি) মুখপাত্র মনোজ কুমার ঠাকুর এএফপিকে বিমান জ্বালানির দাম বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন। এনওসির বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১২৭ নেপালি রুপি থেকে ৯৭.৬ শতাংশ বাড়িয়ে ২৫১ রুপি করা হয়েছে।

কয়েকদিনের মধ্যে নেপালে পর্যটন মৌসুম শুরু হবে। কয়েক হাজার পর্বতারোহী ও ট্রেকার নেপাল ভ্রমণের অপেক্ষায় আছেন। এ অবস্থায় জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ফ্লাইট ভাড়া বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। 

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশটির অভ্যন্তরীণ রুটে ৪০ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। এয়ারলাইনস অপারেটরস অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট প্রতাপ জং পান্ডে বলছেন, দেশি-বিদেশি পর্যটকরা বিমান ভ্রমণে নিরুৎসাহিত হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

×