ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিখোঁজ পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

নিখোঁজ পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত
×

ছবি: দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:১৮ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:২৬

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল।

হেলিকপ্টারটি হামলার শিকার হওয়ার পর সেটির বর্তমান অবস্থা বা ভেতরে থাকা আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। 

পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও এই নতুন হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, নিখোঁজ পাইলটদের উদ্ধারের জন্য কয়েক ঘণ্টা ধরে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং হারকিউলিস-১৩০ উড়োজাহাজ ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, আমেরিকার এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে।

যুদ্ধবিমানের মডেল কী, কতজন পাইলট ছিলেন
ইরানে যুক্তরাষ্ট্রের কোন মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তাই এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ওই যুদ্ধবিমানে কতজন পাইলট ছিলেন।

যদি এটি এফ-৩৫ মডেলের যুদ্ধবিমান হয়, তবে এতে একজন পাইলট থাকার কথা। ইরান দাবি করছে, এটি এফ-৩৫ ছিল। তবে বিমানটি যদি এফ-১৫ হয়ে থাকে, তবে সেখানে দুজন পাইলট থাকতে পারেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও এক্সিওস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। তবে সেটি কোন মডেলের তা জানা যায়নি। তাই আসলে কতজন পাইলট ছিলেন, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×