ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাতটি উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাতটি উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র
×

ছবি: আনাদোলু এজেন্সি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৯:৫১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ২৩:০১

চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাতটিতে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ যুদ্ধবিমান শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এর আগে, গত ২ মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। অবশ্য তিনটি যুদ্ধবিমানের ছয় ক্রু সদস্যের সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

গত ১২ মার্চ ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করে।

গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর একটি রিফুয়েলিং উড়োজাহাজও ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক ক্ষতি সংঘাতের তীব্রতা ও জটিলতা স্পষ্ট করে। এটি আকাশযুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন

×