নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০২:২৫
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড দাবি করেছে যে, শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে তাদের অত্যাধুনিক ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান দাবি করেছে যে তারা শুক্রবার দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার একটি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে উড়তে থাকা এফ-১৫ই। আর দ্বিতীয়টি এ-১০ ওয়ারথগ, যা প্রথম বিমানের ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।
ইরনার প্রতিবেদন অনুযায়ী, সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, শুক্রবারের এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি "চরম অপমান"।
তিনি এই সফলতার কৃতিত্ব দিয়েছেন ইরানের সম্পূর্ণ "নিজস্ব প্রযুক্তিতে তৈরি" নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।
জুলফিকারি আরও যোগ করেন যে, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন "একের পর এক" মোতায়েন করা হচ্ছে। যার ফলে ইরান অচিরেই "দেশের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে"।
যদিও এখন পর্যন্ত বিমান ভূপাতিত হওয়ার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সূত্র-বিবিসি বাংলা
- বিষয় :
- ইরান
- মার্কিন সেনা
- যুদ্ধবিমান
