ক্রু উদ্ধার অভিযানকে ব্যর্থ ঘোষণা, তিনটি মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের
ইরানের মধ্যাঞ্চলে মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ছবি: সেপাহ নিউজ/ এএফপি
এএফপি ও আলজাজিরা
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৫:১৫
ইরানের সামরিক বাহিনী রোববার দাবি করেছে, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে খোঁজার অভিযানে নিয়োজিত তিনটি বিমান ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযানকে ‘ব্যর্থ’ বলে ঘোষণা করেছে।
ইরানের ভেতরে অভিযানে গিয়ে গত শুক্রবার মার্কিন এফ-১৫ই বিমানের দুই ক্রু (একজন পাইলট) নিখোঁজ হন। তাদের একজনকে আগেই উদ্ধারের ঘোষণা দেওয়ার পর রোববার যুক্তরাষ্ট্র দাবি করেছে, দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।
তবে ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ জানিয়েছে, ইসফাহানের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী শত্রুপক্ষের তিনটি বিমান ধ্বংস করা হয়েছে। সেগুলো এখন জ্বলছে। এর মধ্যে আছে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান। যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মরুভূমি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। তাতে ধোঁয়া ওড়ার দৃশ্যও আছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানে এই উদ্ধার অভিযান চলাকালে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাঁরা বেসামরিক নাগরিক নাকি সামরিক বাহিনীর সদস্য, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফও ধ্বংসাবশেষের ছবি নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি বলছেন, মার্কিন বিমান ধ্বংসের ঘটনাকে ইরান বড় ধরনের বিজয় হিসেবে প্রচার করছে। তারা মূলত এই প্রচারণার মাধ্যমে মার্কিন প্রশাসনের দাবিকে ভুল প্রমাণ করতে চাইছে। যুক্তরাষ্ট্র এর আগে দাবি করেছিল- ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল।
আলজাজিরায় তৌহিদ আসাদি লিখেছেন, সামগ্রিকভাবে পরিস্থিতি এখন চরম উত্তেজনা ও নাজুক অবস্থায় আছে। ওয়াশিংটন থেকে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের অবকাঠামোতে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হচ্ছে। তাতে সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
- বিষয় :
- উদ্ধার
- অভিযান
- যুক্তরাষ্ট্র
- ইরান
- যুদ্ধবিমান
- বিধ্বস্ত
