ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আমরা এমন দৃশ্য দেখেছি, যা আগে মানুষ দেখেনি: নভোচারী রিড

আমরা এমন দৃশ্য দেখেছি, যা আগে মানুষ দেখেনি: নভোচারী রিড
×

আর্টেমিস-২ এর চার নভোচারী রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কচ, ভিক্টর জে. গ্লোভার এবং জেরেমি হ্যানসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৩:১৪

‘আমরা এমন দৃশ্য দেখেছি, যা আগে মানুষ দেখেনি—এমনকি অ্যাপোলো অভিযানের সময়ও নয়। আমাদের জন্য এটি ছিল সত্যিই বিস্ময়কর’– মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আর্টেমিস-২ এর নভোচারী কমান্ডার রিড ওয়াইজম্যান।

ট্রাম্প তার কাছে জানতে চেয়েছিলেন- ‘এই ঐতিহাসিক সফরে সবচেয়ে অবিস্মরণীয় অংশ কোনটি?’ এর উত্তরে ওই কথা জানান নভোচারী রিড। 
পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়ার নতুন রেকর্ড গড়লেন আর্টেমিস-২ এর নভোচারীরা।

সোমবার গ্রিনিচ সময় বিকেল তিনটা ৫৮ মিনিটে চার নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায়টিতে পৌঁছান। তখন পৃথিবী থেকে তারা প্রায় চার লাখ ছয় হাজার ৭৭১ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

তবে এই সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগ স্থাপিত হয়।

এরআগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ১ এপ্রিল সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করে আর্টিমিস-২। এই মিশনে অংশ নিয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। 

৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ অভিযানের মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানো হয়। ওই অভিযানের পর এবারই প্রথম নতুন করে মানুষ্যবাহী যান চাঁদের অভিমুখে যাত্রা করে।

নভোচারীরা যাত্রা করেন ওরিয়ন নামের অত্যাধুনিক ক্রু ক্যাপসুলে, যা বিশেষভাবে গভীর মহাকাশে মানুষ বহনের জন্য তৈরি করা হয়েছে। প্রায় ১০ দিনের এ মিশনে তারা উচ্চ গতিতে চাঁদের চারপাশে একটি কক্ষপথে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশনে তাদের চাঁদে অবতরণের পরিকল্পনা তাদের ছিল না। 

চার নভোচারীর মধ্যে তিনজনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কোচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি প্রথম মহাকাশযাত্রা। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×