ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ন্যাটোকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প, গ্রিনল্যান্ড নিয়ে নতুন হুমকি

ন্যাটোকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প, গ্রিনল্যান্ড নিয়ে নতুন হুমকি
×

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ২৩:১৮

ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় ন্যাটো মিত্রদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে জোটের ভেতর নতুন করে অস্বস্তি তৈরি করেছেন তিনি। বুধবার ওয়াশিংটনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’ 

বৈঠক শেষে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুট বলেন, ইরান যুদ্ধের সময় অনেক ন্যাটো দেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি বলে ট্রাম্প ‘স্পষ্টতই হতাশ’। তবে তিনি বৈঠককে ‘খুবই খোলামেলা ও স্পষ্ট’ আলোচনা হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়ার হুমকি দিয়েছে কিনা– এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। যদিও রুট বলেন, ইউরোপীয় সব দেশ সমানভাবে সহযোগিতা না করলেও সামগ্রিক চিত্র ‘জটিল’।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প ন্যাটোপ্রধানের সঙ্গে এ বিষয়ে ‘খোলামেলা আলোচনা’ করবেন। তবে তিনি বলেন, মিত্র দেশগুলো ‘আমেরিকান জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।’

যুদ্ধের মধ্যে ইরানের কার্যত বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালি ফের চালু করতে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের আহ্বানে সাড়া দেয়নি ন্যাটোর বেশ কয়েকটি দেশ। কেউ কেউ আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, আবার কেউ সামরিক সহায়তাও দেয়নি। এ কারণে ট্রাম্প জোটটিকে ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দেন।

বৈঠকের পর ট্রাম্প আবারও ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড প্রসঙ্গ তুলে লেখেন, ‘গ্রিনল্যান্ডের কথা মনে আছে? বিশাল, কিন্তু দুর্বলভাবে পরিচালিত এক বরফখণ্ড!’ তাঁর এই মন্তব্য ন্যাটোর ভেতর নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

এদিকে ২০২৩ সালের আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাটো ত্যাগের সুযোগ নেই। তবুও ট্রাম্পের বক্তব্যে জোটটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্পের কঠোর অবস্থান ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি করছে।

আরও পড়ুন

×